ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটার নিবন্ধনের সংখ্যা সাড়ে ৪ লাখ অতিক্রম করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট–সংক্রান্ত অনলাইন তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার ২৮ হাজার ২৭৮ জন।
একই অ্যাপের মাধ্যমে দেশের ভেতর থেকেও নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪২৮ জন। এদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার আছেন ৫৯ জন।
নির্বাচন কমিশন জানায়, এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য সংশ্লিষ্টদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে।
গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশরসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশে এই নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।
নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

প্রবাসীর কথা ডেস্ক 



















