দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) “আন্তর্জাতিক অভিবাসী দিবস-ও “জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে ও কাউন্সিলর (শ্রম) এস এম সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা,বাংলাদেশী কমিউনিটির সদস্য এবং বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ, বিভিন্ন কোম্পানীর বাংলাদেশী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সিলর এস. এম. সাইফুর রহমান প্রবাসীদের কল্যাণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশীগণকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।প্রবাসীসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স পুরষ্কার-২০২৫’ পুরস্কার প্রদান করা হয়।
রাষ্ট্রদূত কুয়েতস্থ সকল প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারবর্গকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, প্রবাসীগণ কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। সরকার প্রবাসীদের কল্যাণকে সর্বোচ্চ গূরুত্ব দিয়ে আসছেন।
তিনি আরও জানান, কুয়েতে বসবাসরত প্রবাসীদের কল্যাণে দূতাবাস সর্বদা তাঁদের পাশে রয়েছে। তিনি প্রবাসে বসবাসরত কর্মীদের দক্ষভাবে কাজ করার আহবান জানান। এছাড়া, তিনি কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের কুয়েতের আইন-কানুন মেনে চলতে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।

প্রবাস ডেস্ক 





















