ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে ভোটের কাগজ (পোস্টাল ব্যালট) প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসী ভোটার নিবন্ধনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ও ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শুক্রবার ও শনিবার মোট ১০টি দেশের ৪১,৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
তিনি জানান, শুক্রবার তিনটি দেশে এবং শনিবার সাতটি দেশে পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ায় ৮৯২টি, যুক্তরাজ্যে ৫৭৩টি এবং মালয়েশিয়ায় ৬,২৪৬টি ব্যালট প্রেরণ করা হয়। শনিবার যুক্তরাষ্ট্রে ৮,৪৮০টি, চীনে ৬৮১টি, কুয়েতে ১,৩১০টি, কাতারে ২,৭৩৭টি, সৌদি আরবে ৭,৩৪৩টি, জাপানে ৫,৬০০টি এবং দক্ষিণ কোরিয়ায় ৭,৬৮১টি ব্যালট পাঠানো হয়।
ভোটাররা অ্যাপে লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পারবেন এবং নির্দেশিকায় উল্লেখিত পদ্ধতি অনুযায়ী ব্যালট পেপারে প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন প্রদানের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে প্রতীক বরাদ্দের আগে প্রার্থী বিষয়ে ভোট দেওয়া থাকলে তা বাতিল হবে না।
এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটারসহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারা মোট ৫ লাখ ৪০,৬১০ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

প্রবাসীর কথা ডেস্ক 

















