ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত দেশে ও বিদেশে অবস্থানরত মোট ৫ লাখ ৭৫ হাজার ৭১৩ জন ভোটার এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
রোববার (বেলা সাড়ে ১২টা) পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫ লাখ ৩৯ হাজার ১৯৮ জন পুরুষ এবং ৩৬ হাজার ৫১৩ জন নারী ভোটার। প্রবাসী ভোটারদের তালিকায় সৌদি আরব শীর্ষ অবস্থানে রয়েছে, যেখানে নিবন্ধন করেছেন ১ লাখ ৩৮ হাজার ৭২৮ জন।
এ ছাড়া কাতার থেকে ৫২ হাজার ১১৫ জন, ওমান থেকে ৩৮ হাজার ১০২ জন, মালয়েশিয়া থেকে ৩৬ হাজার ৪৪৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৪ হাজার ০৫৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। একইভাবে কুয়েতে ২০ হাজার ১৫০ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ৮৭৯ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৮৯৯ জন, ইতালিতে ১৩ হাজার ৯৫১ জন ও কানাডায় ১১ হাজার ৩৪৯ জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

প্রবাসীর কথা ডেস্ক 



















