ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মালয়েশিয়ার পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো বিভিন্ন দেশের মোট ১১৫ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করেছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রত্যাবাসন করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মিয়ানমারের ৮০ জন, ইন্দোনেশিয়ার ১১ জন, ভারতের ১০ জন, বাংলাদেশের ৭ জন, পাকিস্তানের ৩ জন, নেপালের ২ জন এবং থাইল্যান্ড ও চীনের একজন করে নাগরিক।
আটকদের প্রত্যাবাসন কার্যক্রম কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA-1 ও KLIA-2), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে সম্পন্ন করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, প্রত্যাবাসনের টিকিটের ব্যয় আটক ব্যক্তিদের নিজস্ব সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায় মেটানো হয়েছে।
নিজ দেশে ফেরত পাঠানো সব বিদেশিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো কারণে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবে না।

প্রবাসীর কথা ডেস্ক 



















