বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ আসরের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকার বোলিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নামে রাজশাহী।
দলীয় সংগ্রহে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। তিনি ২৮ বলে ৩৭ রান করেন, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস। মিডল অর্ডারে মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান যোগ করেন।
শেষদিকে অপরাজিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ নওয়াজ। তিনি ২৬ বলে ২৬ রান করেন। তবে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে আউট হন। ইয়াসির আলী (১৩), এস এম মেহেরোব (০), আব্দুল গাফফার সাকলাইন (৫) ও তানজিম হাসান সাকিব (৩) বড় অবদান রাখতে পারেননি।
ঢাকা ক্যাপিটালসের বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া নাসির হোসেন ২টি, সালমান মির্জা, জিয়াউর রহমান শরিফি ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
সব মিলিয়ে মাঝারি লক্ষ্য দাঁড় করিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন দেখার বিষয়, এই রান তাড়া করতে ঢাকা ক্যাপিটালস কতটা কার্যকর ব্যাটিং করতে পারে।

স্পোর্টস ডেস্ক 

















