আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সকালে হাওরবেষ্টিত এ অঞ্চলে তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগের দিন রোববার নিকলীতে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বেলা সাড়ে ১১টায় প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবারও সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা কিছুটা কমলেও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীত কমার কোনো তাৎক্ষণিক লক্ষণ নেই।
এই শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। পাশাপাশি হাওরাঞ্চলে বোরো ধান চাষের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি সমস্যার মুখে পড়ছেন।
নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রবাসীর কথা ডেস্ক 

















