ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা আরও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই অ্যাপে নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক প্রেসব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, প্রবাসে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে থাকা নির্ধারিত তিন শ্রেণির ভোটারের একটি বড় অংশ এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
আখতার আহমেদ জানান, সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে বারবার অনুরোধ আসছিল। এসব অনুরোধ বিবেচনায় নিয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নিবন্ধন কার্যক্রম আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, এ সময়সীমা আর বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।
এর আগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ তারিখ প্রথমে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। এবার সেটি আবারও বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত করা হলো।

প্রবাসীর কথা ডেস্ক 



















