দেশের স্বর্ণবাজারে ফের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এই নতুন দর কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
এদিকে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে সর্বশেষ ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে। অন্যদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যেখানে বৃদ্ধি পেয়েছিল ৩৫ বার এবং কমেছিল ২৭ বার।
স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। আর আগের বছরে রুপার দাম পরিবর্তন করা হয়েছিল মাত্র ৩ বার।

প্রবাসীর কথা ডেস্ক 



















