ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় লিগ পর্বের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। এসব আলোচনা চলার মধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজে না থাকলেও আইএল টি-টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্জের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
প্রত্যাশিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস, সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। তবে উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থাকার পরও দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। বিপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাট হাতে নজর কাড়লেও শেষ পর্যন্ত তাকে বিবেচনায় নেওয়া হয়নি।
এদিকে, বল হাতে ভালো ছন্দে রয়েছেন রিপন মন্ডল ও আলিস ইসলাম। বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করা ক্রিকেটারদের দিকেও নজর রাখছেন নির্বাচকরা। বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকবে। এর পর কোনো সংশোধন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির মুখোমুখি হবে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।
বাংলাদেশের ঘোষিত প্রাথমিক স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক 



















