সদ্য বিদায়ী বছরের ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ছয় দিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৭৭ কোটি মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ৮৩ লাখ ডলার।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারির প্রথম ছয় দিনে দেশে এসেছে ৭৭ কোটি ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, শুধু ৬ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে মাসভিত্তিক দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
এদিকে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাসীর কথা ডেস্ক 

















