কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭৩৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কর্মীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসী কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করা (সুগার) পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ ও প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় দূতাবাসের এই মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা করা বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি সকল প্রবাসী বাংলাদেশিকে সামাজিক ও মানবিক উদ্যোগে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এই বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে কুয়েতের ওয়াফ্রা এলাকায় বসবাসরত ১৩২ জন প্রবাসী কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের যাতায়াতের সুবিধার্থে দূতাবাসের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থাও নিশ্চিত করা হয়। এছাড়া কুয়েতের অন্যান্য এলাকায় বসবাসরত আরও ৬০৬ জন কর্মীকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশি কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ও সেবাগ্রহণের মধ্য দিয়ে এই বিশেষ মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রবাস ডেস্ক 



















