বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়ে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোটদান ব্যবস্থায় মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৮৪ হাজার ২৯২ জন বাংলাদেশি ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৩৪৬ জন এবং নারী ভোটার ৯৪৬ জন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটার নিবন্ধনের তালিকায় সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন বাংলাদেশি ভোটার। এ ছাড়া কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন, ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ৫৭৪ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এছাড়াও কুয়েত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, বাহরাইন, সিঙ্গাপুর, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপসহ বিশ্বের আরও বহু দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রবাসী ভোটাররা আগামী ২২ জানুয়ারি থেকে ব্যালট পেপারে ভোট চিহ্নিত করতে পারবেন। এ প্রক্রিয়া ২৬ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। ভোট প্রদান শেষে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত বিশেষ প্রি-পেইড খামে ব্যালট পেপার ভরে তা পুনরায় ডাকযোগে ফেরত পাঠাতে হবে।
এই বিশাল কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বাংলাদেশ ডাক বিভাগ এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় ডাকসেবা প্রতিষ্ঠান ‘পোস লাজু’ যৌথভাবে সমন্বয় করে কাজ করছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে ভোট প্রদানের উপযোগী মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭০ লাখের বেশি। ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে।
নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে মালয়েশিয়াকে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
এদিকে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ থাকলেও অনেক প্রবাসী সশরীরে দেশে গিয়ে ভোট প্রদান এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতিও নিচ্ছেন। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নির্বাচনকে ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















