মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্টের ফি পুনর্নির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারে উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন ফি আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাটাগরি অনুযায়ী ই-পাসপোর্টের নতুন ফি
বিগত ছয় মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ যুক্ত করে সংশোধিত ফি নির্ধারণ করা হয়েছে।
সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি:
৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ১৬৪ রিঙ্গিতের পরিবর্তে ১৪০ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ২৭৩ রিঙ্গিতের পরিবর্তে ২৩৩ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে ৮১০ রিঙ্গিত
অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য):
৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ৫৪৫ রিঙ্গিতের পরিবর্তে ৪৬৫ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ৬৮১ রিঙ্গিতের পরিবর্তে ৫৮০ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে ৮১০ রিঙ্গিত
ইএসকেএল সার্ভিস চার্জ
আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়োমেট্রিক এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, ডলারের বিপরীতে রিঙ্গিতের অবমূল্যায়নের কারণে সরকারি ফি ও কল্যাণ তহবিলের সারচার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে ফি পরিশোধ করে ই-পাসপোর্ট সেবা গ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 





















