সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়্যাল কোর্টের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৯০ বছর বয়সী বাদশাহ সালমানকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভর্তি হওয়ার আরও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এসপিএর তথ্য অনুযায়ী, বাদশাহ সালমান সর্বশেষ গত মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেছিলেন। এবারের ভর্তি হওয়া স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্ট কোনো তথ্য দেননি।
বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। এর আগে তিনি কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা রিয়াদের প্রিন্সেস স্কুলে গ্রহণ করেন। স্কুলটি বাদশাহ আবদুল আজিজ তার পুত্রদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি পুরো পবিত্র কুরআন মুখস্থ করেন তিনি।
১৯৫৪ সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর এবং ১৯৬৩ সালে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। কয়েক দশক ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

প্রবাসীর কথা ডেস্ক 



















