বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হওয়ায় শুরুতেই দুই দল থেকেই এক ওভার করে কেটে নেওয়া হয়। ভারতের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ব্যাট করতে নামলেও বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ২৯ ওভারে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ১৬৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেশ ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশের জুনিয়র টাইগাররা। কিন্তু শেষ মুহূর্তে একের পর এক উইকেট হারিয়ে জয় হাতছাড়া হয়ে যায়। আজিজুল হাকিমদের ইনিংস থামে ২৮.৩ ওভারে ১৪৬ রানে। ফলে ডিএলএস মেথডে ভারতের কাছে বাংলাদেশকে হারতে হয় ১৮ রানের ব্যবধানে।
ইনিংসের শুরুতেই জাওয়াদ আবরারের (৫) উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম দৃঢ়তা দেখিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তারা। ৩৭ রান করে রিফাত আউট হলেও লড়াই চালিয়ে যান আজিজুল। তিনি ৭২ বল খেলে সর্বোচ্চ ৫১ রান করেন।
বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২৯ ওভারে ১৬৫ রান। তুলনামূলক সহজ লক্ষ্য পেয়েও জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ। কালাম সিদ্দিকি ও রিজান হাসান দুজনই করেন ১৫ রান করে। ভারতের হয়ে বিহান মালহোত্রা ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৮ রান। অভিজ্ঞান কুন্ডু করেন ৮০ রান এবং বৈভব সূর্যবংশী যোগ করেন ৭২ রান। তবে পুরো ইনিংসেই ভারত অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ দুর্দান্ত বোলিং করে একাই ৫ উইকেট শিকার করেন।

স্পোর্টস ডেস্ক 



















