টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে চূড়ান্ত আলোচনা করতে আজ শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। তবে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে তারা অনড় রয়েছে।
আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের একটি প্রতিনিধিদলের প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি সূত্র জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পূর্বের অবস্থানেই তারা অটল রয়েছে।
নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিসিবি আগেই আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছিল, ভারত ছাড়া বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হোক। তবে একাধিক দফা আলোচনার পরও বিসিবির অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে আইসিসি।
এই বিষয়েই চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে আসে। এর আগে শুক্রবার বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করে জানান, বোর্ড নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না।
বিপিএলের একটি ম্যাচ দেখতে গিয়ে মিঠু বলেন,
“ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও কথা হবে। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। বোর্ড ও সরকার—আমরা সবাই মনে করি, সেখানে আমাদের দল নিরাপদ নয়। শুধু খেলোয়াড় নয়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। সভাপতি নিজেই বিষয়টি দেখছেন। দেখা যাক, কী হয়।”
তিনি আরও বলেন,“বিষয়টি এখনো একই জায়গায় আছে। তবে এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি যে আইসিসির প্রতিনিধিরা আলোচনা এগিয়ে নিতে এখানে এসেছেন।”
শনিবারের বৈঠকেও বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একই অবস্থান তুলে ধরেন। ফলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে বিসিবির প্রত্যাশা, আলোচনার ফল ইতিবাচক হবে। বৈঠক শেষে আইসিসির প্রতিনিধিরা দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে বোর্ড সূত্র।

স্পোর্টস ডেস্ক 



















