বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি।
বৃহস্পতিবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ক্ষেত্রে কুয়েত সরকারের পূর্ববর্তী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য কুয়েতের বাজারে এসব পণ্য রপ্তানির সুযোগ আবারও উন্মুক্ত হলো।
এ বিষয়ে কুয়েতপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন কালবেলাকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বাংলাদেশ থেকে পোল্ট্রি ও মাংসজাত পণ্য আমদানির সুযোগ পাবেন কুয়েতের ব্যবসায়ীরা। তবে তিনি বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি। প্যাকেটের গায়ে ট্রেডমার্ক, সঠিক ওজন, উৎপাদন ও মেয়াদসহ প্রয়োজনীয় সব তথ্য স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা—সে বিষয়টি বাংলাদেশ সরকারকে কঠোরভাবে নজরদারি করতে হবে।
উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য ও মানসংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে কুয়েত সরকার বাংলাদেশ থেকে মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

প্রবাসীর কথা ডেস্ক 





















