দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা, সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা ।
বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা এতদিন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৬ দফা দাম বেড়েছে, কমেছে ২ দফা। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার বেড়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল।
রুপার দামও বাড়লো
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।
নতুন দামে—২২ ক্যারেট প্রতি ভরি: ৬ হাজার ২৪০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ১৩২ টাকা, সনাতন পদ্ধতি প্রতি ভরি: ৩ হাজার ৮৪৯ টাকা ।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫ দফা সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩ দফা দাম বেড়েছে এবং ২ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।

প্রবাসীর কথা ডেস্ক 
















