চলতি জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার ৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এই হিসাবে প্রতিদিন গড় প্রবাসী আয় হয়েছে ১১ কোটি ১০ লাখ ডলার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রায় ৫৫ শতাংশ বেড়েছে।”
আরিফ হোসেন আরও জানান, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় হয়েছে ১ হাজার ৮৫৯ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৭০ শতাংশ বৃদ্ধি।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে দেশে রেকর্ড ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং আগস্ট ও জুলাইয়ে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

প্রবাসীর কথা ডেস্ক 



















