ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
যেসব ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট পেপার হাতে পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে নির্ধারিত হলুদ খামটি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শনিবার নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় এ বিশেষ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট গ্রহণের পর দ্রুত ভোটদান সম্পন্ন করে হলুদ খামটি ডাকযোগে পাঠাতে হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালিম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পোস্টাল ভোটের জন্য দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসীর কথা ডেস্ক 


















