চলতি বছরের জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, শুধু ২৪ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।
এ ছাড়া গত নভেম্বরে দেশে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত আগস্ট ও জুলাই মাসে দেশে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

প্রবাসীর কথা ডেস্ক 
















