আগের ম্যাচে পাকিস্তানকে ৯–১ গোলে উড়িয়ে দেওয়ার পরই সাফ নারী ফুটসালের প্রথম আসরের ট্রফি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ ম্যাচে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে প্রতিপক্ষ মালদ্বীপ হওয়ায় বড় জয়ে শিরোপা উদযাপনের প্রত্যাশা ছিল সাবিনাদের। বাস্তবে সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
রোববার (ব্যাংকক) নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে বিধ্বস্ত করে সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এই জয়ে আন্তর্জাতিক নারী ফুটসালে আরও একটি ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে টানা দুইবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এবার যুক্ত হলো সাফ নারী ফুটসালের শিরোপা। ফলে সাবিনার নেতৃত্বে টানা তিনটি সাফ ট্রফি ঘরে তুলল বাংলাদেশ।
ম্যাচের শুরুতে কিছুটা চমক দেয় মালদ্বীপ। তৃতীয় মিনিটেই তারা প্রথম গোল করে এগিয়ে যায়। তবে তিন মিনিট পরই সাবিনা খাতুনের দুর্দান্ত ফ্রিকিকে সমতা ফেরায় বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি পেলেও সাবিনা সেটি মিস করেন।
১৩ মিনিটে আবার ফ্রিকিক থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা। এরপর একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণ ভেঙে পড়ে। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকার, পরের মিনিটে লিপি আক্তার গোল করলে ব্যবধান বাড়ে। ১৮ মিনিটে লিপির দ্বিতীয় ও নওশীনের গোলে ৬–১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোলের বন্যা বইয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয় মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। এরপর সুমাইয়া, আবার সাবিনা (চতুর্থ গোল), নিলুফার নিলা, লিপি আক্তার ও কৃষ্ণা রানী সরকারের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১২–১।
ম্যাচের শেষ ভাগে মেহেনুর আক্তার ও মাসুরা পারভীন দুটি গোল যোগ করলে বাংলাদেশের গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে। শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মালদ্বীপ। ফলে ১৪–২ গোলের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে সাফ নারী ফুটসালের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন অধিনায়ক সাবিনা খাতুন ও তার দল।

স্পোর্টস ডেস্ক 



















