বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে ভারত ও রাশিয়া। আগামী মাসে ‘মিলান–২০২৬ নেভাল এক্সারসাইজ’ নামে এই মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ড–এর বরাত দিয়ে তাস জানায়, এ মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের শক্তিশালী ফ্রিগেট মার্শাল শাপোশনিকভসহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে। বিশাল আকৃতির এই রণতরীটি অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এবং সমুদ্র থেকে একযোগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিনবিধ্বংসী গাইডেড মিসাইল নিক্ষেপে সক্ষম।
রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত সামরিক টহলের কাজে মার্শাল শাপোশনিকভ ব্যবহার করে থাকে। যৌথ মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজটি ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে জানানো হয়, বুধবার জাহাজটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে। বঙ্গোপসাগরে নির্ধারিত মহড়া শেষে এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে রওনা দেবে এবং আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই যৌথ সামরিক মহড়ার ঘোষণা তিন মাস আগেই দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে এক ঘোষণায় বিষয়টি জানান দেশটির নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন।

প্রবাসীর কথা ডেস্ক 



















