ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা জারি করে।
প্রজ্ঞাপনে যুক্তরাজ্য সরকার নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, সাবধানতার সঙ্গে পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
এফসিডিও বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া না যাওয়ার পরামর্শ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়।
নির্বাচন প্রসঙ্গে সতর্কতায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে সহিংসতা ঘটতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এফসিডিও নাগরিকদের পরামর্শ দিয়েছে, নিজেদের আশপাশ সম্পর্কে সচেতন থাকতে, বড় জমায়েত ও সংবেদনশীল এলাকা এড়িয়ে চলতে এবং সব সময় স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো বিঘ্নের জন্য বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।
নোটিশে আরও জানানো হয়, এফসিডিওর ভ্রমণ পরামর্শ অমান্য করে কেউ বাংলাদেশে ভ্রমণ করলে তার ভ্রমণ বিমা বাতিল হয়ে যেতে পারে।

প্রবাস ডেস্ক 



















