মালদ্বীপে নিখোঁজের দুই দিন পর আমিন মিয়া (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে তিনি যে থিলাফুশি আইল্যান্ডে কর্মরত ছিলেন, সেখানকার একটি ময়লার স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আমিন মিয়ার মরদেহ রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নে।
একই দ্বীপে কর্মরত আবু আহমেদ সেলিম মিয়া জানান, মালদ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েস্ট ম্যানেজমেন্ট করপোরেশন লিমিটেড (ওয়েমকো)-এ কাজ করতে ছয় মাস আগে মালদ্বীপে যান আমিন মিয়া। নিখোঁজ হওয়ার দিনও তিনি নিয়মিত কাজ করতে এসেছিলেন। তবে কাজের একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষ মালদ্বীপ পুলিশকে অবহিত করে।
তিনি আরও জানান, দুই দিন ধরে অনুসন্ধানের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইন্ডাস্ট্রিয়াল দ্বীপটির একটি ময়লার স্তূপের ভেতর থেকে আমিন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজের সময় ময়লা সরানোর জন্য ব্যবহৃত এক্সক্যাভেটরের সঙ্গে কোনো এক পর্যায়ে দুর্ঘটনার শিকার হতে পারেন তিনি।
মালদ্বীপ পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, গত দুই দিনের অনুসন্ধানের পর বুধবার রাতে আমিন মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে, তার মৃত্যু নিখোঁজের দিন অর্থাৎ গত সোমবারেই হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন বলেন, প্রবাসী আমিন মিয়ার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সম্পর্কে হাইকমিশন অবগত রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মালদ্বীপ পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

প্রবাস ডেস্ক 



















