আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পেলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে দেশটির সরকার এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে, তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান।
এর আগে গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে সরকারের দিকনির্দেশনা চূড়ান্ত হয়।
ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। পরে একই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করে।
এ প্রেক্ষাপটে ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে একাধিক আলোচনার পরও আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
আইসিসির ওই সিদ্ধান্তের শুরু থেকেই বিরোধিতা করে আসছে পিসিবি। তারই ধারাবাহিকতায় এবার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক 



















