মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও শ্রমবাজার শৃঙ্খলায় আনতে প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেই আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সাড়ে তিন হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার কুয়েতি নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মূলত অবৈধভাবে অবস্থানকারী এবং কর্মক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতেই এই ব্যাপক অভিযান চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসজুড়ে কুয়েতের সব প্রশাসনিক অঞ্চলে একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে গ্রেপ্তার হওয়া প্রায় ৩ হাজার ৫০০ অভিবাসীর মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো—বৈধ আকামা বা আবাসন অনুমতি না থাকা, নির্ধারিত কাজের বাইরে অন্যত্র শ্রম দেওয়া এবং পুলিশের নজর এড়িয়ে পলাতক থাকা। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার বা প্রত্যাবাসন করা হয়েছে।

কুয়েত প্রতিনিধি 


















