মালয়েশিয়া সরকার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।
ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মিয়ানমারের নাগরিক—১১২ জন। এ ছাড়া ১১ জন ইন্দোনেশীয়, ৯ জন বাংলাদেশি, ২ জন শ্রীলঙ্কান এবং ১ জন কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।
মঙ্গলবার এসব প্রবাসীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা টর্চার আইন (অ্যাক্ট ৫৭৪), ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ শেষ করার পর প্রত্যাবাসনের আওতায় আনা হয়।
প্রত্যাবাসিত সব প্রবাসীর নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দণ্ডভোগ সম্পন্নকারী বিদেশিদের মালয়েশিয়ায় অবস্থান রোধ করতে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রবাস ডেস্ক 


















