নতুন সরকার গঠনের প্রাক্কালে আবারও আলোচনায় সাকিব আল হাসান–এর জাতীয় দলে ফেরা। ইংরেজি দৈনিক Daily Sun–কে একটি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে। তবে এ বিষয়ে নিজেই কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন সাকিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বছর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরার প্রসঙ্গে বলেন, “সেটি সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না, সেটির ওপর নির্ভর করবে। আমি কখনও খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই জাতীয় দলে আসবে।” মন্তব্যটি তখন ক্রিকেটপাড়ায় বেশ আলোচনা তৈরি করে।
বিএনপি যখন সরকার গঠনের দুয়ারে, তখন সেই সাক্ষাৎকার আবারও নতুন করে আলোচনায় এসেছে। তবে ডেইলি সানকে সাকিব বলেন, “আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। ভাই, আগে আমাকে দেখতে দিন সামনে দিনগুলোতে কী হয়।”
এদিকে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই পরিকল্পনা করছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সূত্রটির ভাষ্য, “সে দেশে এসে পাকিস্তান সিরিজ খেলবে। একই সঙ্গে পরের ওয়ানডে বিশ্বকাপেও চোখ রাখবে। এটিই ছিল তার মূল পরিকল্পনা।”
সূত্রটি আরও জানায়, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব। ফিরে এসে সীমিত সংস্করণে মনোযোগ দেওয়া—এটাই ছিল তার পরিকল্পনা।

স্পোর্টস ডেস্ক 



















