বিদেশে কাজ করতে গিয়ে নানা জটিলতায় কারাগারে বন্দি হওয়া বহু বাংলাদেশির জন্য স্বস্তির বার্তা এসেছে। মালদ্বীপে আটক বাংলাদেশি কারাবন্দিদের নিজ দেশে স্থানান্তরের উদ্যোগে একধাপ এগিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।
কারাবন্দি স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। মালদ্বীপের রাজধানী Malé-তে অনুষ্ঠিত এক বৈঠকে এ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়।
Maldives Correctional Service–এর সদর দপ্তরে আয়োজিত বৈঠকে অংশ নেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং সংস্থাটির কমিশনার হাসান জারী।
বৈঠকে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের বর্তমান অবস্থা, আইনি জটিলতা ও মানবিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসী কারাবন্দিদের মানসিক ও সামাজিক দিকও গুরুত্ব পায় আলোচনায়।
এ সময় মালদ্বীপের কারা কর্তৃপক্ষ ভাষাগত চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরে। বাংলাদেশি কারাবন্দিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে কারাগারে বাংলা ভাষা শিক্ষা, প্রশিক্ষণ এবং কারা কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে তারা।
বাংলাদেশের হাইকমিশনার জানান, সমঝোতা স্মারক কার্যকর হলে প্রবাসী কারাবন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ সহজ হবে। দেশে ফিরে তাদের সামাজিক পুনর্বাসনের সুযোগ বাড়বে এবং দীর্ঘদিনের মানসিক চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে বিদেশি কারাবন্দিদের রক্ষণাবেক্ষণে মালদ্বীপ সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপও হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে উভয়পক্ষ কারা প্রশাসনের পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের ওপর একমত পোষণ করে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালদ্বীপে আটক প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বড় মানবিক স্বস্তি হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্কও আরও গভীর ও শক্তিশালী হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















