মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। উত্তাল সাগরে প্রায় দুই ঘণ্টা ভেসে থাকার পর অবশেষে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তেরেঙ্গানু রাজ্যের লেম্বাহ বিডং এলাকার একটি নির্মাণসাইটে অভিযান চালায় Jabatan Imigresen Malaysia। অভিযানের খবর পেয়ে সেখানে কর্মরত দুই বাংলাদেশি পালানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সৈকত ধরে প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পরও তারা ইমিগ্রেশন কর্মকর্তাদের সামনে পড়ে যান। ধরা পড়ার আশঙ্কায় তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে গভীর পানির দিকে চলে যান। এ সময় একটি পরিত্যক্ত ককপিটের কাঠামো সদৃশ ভাসমান বস্তু খুঁজে পেয়ে সেটিকে ভেলা হিসেবে ব্যবহার করে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
তাদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে Angkatan Pertahanan Awam Malaysia (সিভিল ডিফেন্স ফোর্স) ও স্থানীয় জেলেরা। ইমিগ্রেশন বিভাগ ড্রোন ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে। ড্রোন ফুটেজে উপকূল থেকে প্রায় চার কিলোমিটার দূরে তাদের ভেসে থাকতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনা হয়।
তেরেঙ্গানু ইমিগ্রেশন ডিরেক্টর মোহদ ইউসরি মোহদ নর জানান, উদ্ধারকালে তারা চরম ক্লান্ত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও পানীয় সরবরাহ করা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। তবে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একজনের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না এবং অন্যজন ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। আটক দুই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি; তাদের বয়স প্রায় ৩০ বছর বলে জানা গেছে।
এ অভিযানে লেম্বাহ বিডং এলাকায় মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয় ও একজন ভারতীয় নাগরিক। তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়মিত অভিবাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রবাস ডেস্ক 



















