ওমেনস এশিয়া কাপ রাইজিং স্টারসে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী এ দল। টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। সর্বশেষ ম্যাচে মালয়েশিয়া নারী দলকে বড় ব্যবধানে হারিয়েছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল।
বুধবার ব্যাংককে গ্রুপ ‘বি’–এর ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ নারী ‘এ’ দল।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয় মালয়েশিয়া নারী জাতীয় ক্রিকেট দল।
ব্যাট ও বল—দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন লতা মণ্ডল। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ২ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ১ উইকেট।
তবে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইশমা তানজিম। অন্য ওপেনার রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান করে ফেরেন। দলীয় ৪২ রানে রানআউট হন সুমাইয়া।
অষ্টম ওভারে আরও ধাক্কা খায় বাংলাদেশ। ২৫ বলে ৩০ রান করা শারমিন আক্তার আউট হলে ৫২ রানে ৪ উইকেট হারায় দল।
এরপর লতা মণ্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুন–এর ৫৫ রানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ২৪ বলে ২৯ রান করে আউট হন ফাহিমা। শেষ দিকে সাদিয়া আক্তার ১১ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে লতা পূর্ণ করেন ৪৮ রান।
মালয়েশিয়ার হয়ে নুর দানিয়া নেন ২ উইকেট। আইনা হামিজাহ, নুর আরিয়ানা, মাহিরাহ ইজ্জতি ও মাস এলিসা একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের চাপে পড়ে মালয়েশিয়া। সাত নম্বরে নামা নুর আরিয়ানা ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তিনি ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে ফাতেমা জাহান ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া শরিফা খাতুন নেন ২টি এবং ফারজানা ইয়াসমিন, ইশমা ও লতা একটি করে উইকেট শিকার করেন।

স্পোর্টস ডেস্ক 



















