চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র রমজানে মক্কা নগরীতে মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য-নিরাপত্তা ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে Khaleej Times।
কর্তৃপক্ষ জানায়, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়। তাই নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত স্থাপন করা হয়েছে—সবুজ সংকেত মানে প্রবেশের জন্য স্থান খালি, আর লাল সংকেত মানে ধারণক্ষমতা পূর্ণ।
যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করা হয়েছে। বাস, ট্যাক্সি এবং Haramain High Speed Railway ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড়পূর্ণ এলাকায় না আনার পরামর্শও দেওয়া হয়েছে।
এ ছাড়া পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, প্রয়োজন অনুযায়ী বিশ্রাম গ্রহণ, অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত পণ্য বিক্রি ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রবাসীর কথা ডেস্ক 

















