বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর প্রতি সংযুক্ত আরব আমিরাতের আতিথেয়তার জন্য প্রশংসা করেন এবং শ্রম ভিসা পুনরায় চালু, ব্যবসা ও ট্রানজিট ভিসাসহ আরও গতিশীলতা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।
উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করার পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দেন যে, ‘বাংলাদেশ প্রথম’ নীতির অধীনে দুই দেশের সম্পর্ককে বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা), বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এর আগে রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রবাসীর কথা ডেস্ক 


















