আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এবারের আসরে বাংলাদেশের নারী দল ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপ পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
চলতি বছরের জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে সব ম্যাচে জয় পেয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। তবে গ্রুপের প্রতিপক্ষ বিবেচনায় টাইগ্রেসদের জন্য এবারের চ্যালেঞ্জ কঠিন বলেই মনে করা হচ্ছে। নেদারল্যান্ডস ছাড়া বাকি দলগুলো শক্তি ও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। এরপর ১৭ জুন হেডিংলিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
২০ জুন হ্যাম্পশায়ার বোলে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ভারত। গ্রুপের শেষ ম্যাচে ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। ১২ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি খেলছে ৮টি দল। বাছাইপর্ব পেরিয়ে এসেছে বাংলাদেশসহ আরও তিন দল—আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। এরপর ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

স্পোর্টস ডেস্ক 


















