বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এর আগে তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু ছিল। আজ আরও দুটি যুক্ত হওয়ায় মোট পাঁচটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুততম সময়ে মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার বিষয়ে উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ সময় তিনি জানান, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানোর পরপরই স্বজনদের ৩০ থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে নিবন্ধন করে প্রবাসে গেলে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রবাসীর কথা ডেস্ক 



















