পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম।
কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা ও হুমকির পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এমন পরিস্থিতিতে অঞ্চলজুড়ে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।
উমরাহ শেষে মুশফিক দেশে ফেরার জন্য সৌদি আরব থেকে দুবাই যাওয়ার ফ্লাইটে উঠেছিলেন। তবে দুবাই পৌঁছানোর পর তাদের ফ্লাইট আবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। বর্তমানে মুশফিক সহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছেন, “আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার হজ সম্পন্ন হয়েছে। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাই যাওয়ার জন্য এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে উঠেছিলাম। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার কারণে ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি এখানে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।”
তিনি আরও লিখেছেন, “সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।”

স্পোর্টস ডেস্ক 

















