মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবীতে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সূত্র জানায়, চলমান অস্থির পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘবে মানবিক বিবেচনায় বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হয়। এজন্য ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে পুনরায় উড্ডয়ন করে ফ্লাইটটি। পরে আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) বাংলাদেশে ফেরার উদ্দেশে রওনা দেয়।
আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলাসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানানো হয়।
এদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে থাকা জাতীয় বিমান সংস্থা বিমানের ২৮ জন ফ্লাইট ক্রুকেও দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএস-বাংলার একটি ফ্লাইটের মাধ্যমে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে।
এ ছাড়া যেসব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রবাসীর কথা ডেস্ক 



















