মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৫৯ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি রয়েছেন।
সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, ২০২৬ সালের মার্চ মাসের শুরুতে পরিচালিত এক অভিযানের অংশ হিসেবে এসব বিদেশি নাগরিককে নিজ দেশে পাঠানো হয়।
প্রত্যাবাসিতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৭২ জন, বাংলাদেশের ৩৫ জন, মিয়ানমারের ২০ জন, থাইল্যান্ডের ১৩ জন, চীনের ৮ জন, ভারতের ৩ জন, ভিয়েতনামের ৩ জন, শ্রীলঙ্কার ২ জন, নেপালের ২ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন।
তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনাল হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসিতদের মধ্যে যাদের বৈধ পাসপোর্ট ছিল, তাদের সেই নথি ব্যবহার করেই দেশে পাঠানো হয়েছে। আর যাদের পাসপোর্ট ছিল না, তাদের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে অস্থায়ী ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ সংগ্রহ করা হয়।
এছাড়া প্রত্যাবাসিত সব ব্যক্তিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
ইমিগ্রেশন বিভাগ জানায়, পেকান নেনাস ডিটেনশন ডিপো থেকে বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়মিত কার্যক্রমের অংশ। এর মাধ্যমে সাজা শেষ করা বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হয় এবং ডিপোতে বন্দির সংখ্যা নিয়ন্ত্রণে রাখা হয়।

প্রবাসীর কথা ডেস্ক 



















