গ্রুপপর্বের শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শেষ ৩২-এর লড়াইয়ে ডাচদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘সি’-এর রানার্সআপ মরক্কো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটেই এলিস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবি ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা।
প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হাজেম মাস্তুরি একটি গোল শোধ করে ব্যবধান কমান। তবে তাদের আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস।
৬২তম মিনিটে জান পল ভ্যান হেকে দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।
এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে উঠেছে নেদারল্যান্ডস। অন্যদিকে, টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই বিদায় নিল তিউনিসিয়া।
এর আগে গ্রুপপর্বে সুইডেনের কাছে ৫-১ এবং জাপানের কাছে ৪-০ গোলে হেরেছিল আফ্রিকার দলটি।
আগামী ৩০ জুন শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক 



















