পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। শেষদিকে আর্লিং হালান্ডের জোড়া আঘাতে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। যোগ করা সময়ে নেইমার জুনিয়র পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি কার্লো আনচেলত্তির দল।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর এই লড়াইয়ের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের চতুর্থ মিনিটেই বল জালে পাঠায় নরওয়ে। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে প্যাট্রিক বার্গের গোলটি বাতিল করেন রেফারি।

১১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। পেনাল্টি বক্সে মাথেউস কুনহাকে ফাউল করলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। কিন্তু ব্রুনো গিমারাইসের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।
প্রথমার্ধের বাকি সময়ে কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনিসিয়ুস জুনিয়র গোলের চেষ্টা করলেও নরওয়ের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় বিরতির আগে গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে দুটি পরিবর্তন আনে নরওয়ে। মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ। অন্যদিকে ৫৮তম মিনিটে মাথেউস কুনহার বদলে এন্দ্রিককে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই গোলের সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন এই তরুণ ফরোয়ার্ড।
৬২তম মিনিটে রায়ানের দূরপাল্লার শট এবং মিনিটখানেক পর ব্রুনো গিমারাইসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড।
৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা নেইমার জুনিয়র। তার সঙ্গে মাঠে নামানো হয় দানিলোকেও।
এরপর ৭৯তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত এক হেডে আলিসন বেকারকে পরাস্ত করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা।
ম্যাচের শেষ দিকে আবারও গোল করেন হালান্ড। তার জোড়া গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। যোগ করা সময়ে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল নরওয়ে। অন্যদিকে শিরোপার লড়াই থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

স্পোর্টস ডেস্ক 
















