কুয়েতে ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা থেকে নিয়মিত রেসিডেন্সি বা ইকামা পরিবর্তন করার নিয়মে নতুন সংশোধনী আনা হয়েছে। অফিশিয়াল গেজেট ‘কুয়েত আল-ইউম’-এর রবিবার সংখ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ১০৯১ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে এই নতুন নিয়ম প্রকাশ করা হয়, যা মূলত বিদেশিদের আবাসন আইন সংক্রান্ত কার্যনির্বাহী প্রবিধানের ২২৪৯ নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত সংশোধন করেছে।
নতুন এই সংশোধনী অনুযায়ী, ধারা ৩৯-এর অনুচ্ছেদের নয় এর অধীনে একটি নতুন ধারা ৪ যুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো ভিজিট ভিসা নিয়মিত রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে সংশ্লিষ্ট পরিষেবার জন্য ১৫০ কুয়েতি দিনার ফি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তবে গৃহকর্মী এবং এর সমপর্যায়ের অন্যান্য ক্যাটাগরির কর্মীদের কার্যনির্বাহী প্রবিধানের ধারা ২০ অনুযায়ী এই ফি পরিশোধ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে তাদের নিজ নিজ এখতিয়ার অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। গেজেটে প্রকাশের তারিখ থেকেই এই নতুন সংশোধনী কার্যকর হয়েছে।

কুয়েত প্রতিনিধি 















