
মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকায় র্যাব পরিচয়ে জসিম শেখ ও সুজন খান নামের দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। বাসটি শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরাতন ফেরিঘাট এলাকায় পৌঁছলে র্যাব পরিচয় দিয়ে ৫/৬ ব্যক্তি বাস থামিয়ে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খানের থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। সর্বস্ব কেড়ে নেওয়ার পর তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।
এ বিষয়ে র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, র্যাব পরিচয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাব ইতোমধ্যেই গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ভুক্তভোগী দুইজন লিখিত অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

















