আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের উপলক্ষে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সম্মাননা দেবে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্বাচিত প্রবাসীদের ‘অভিবাসী দিবস পুরস্কার’ প্রদান করা হবে। এজন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে রেমিট্যান্সে প্রবাসীদের অবদান সুপরিচিত। মালয়েশিয়ায় প্রায় ৮ লক্ষাধিক প্রবাসী শুধু অর্থ প্রেরণাই নয়, ব্যবসা, সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ডাক্তার, প্রকৌশলী, গবেষক ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার প্রবাসীরা দেশকে বৈশ্বিক মঞ্চে পরিচিত করতে সাহায্য করছেন।
হাইকমিশনের এই পদক্ষেপ প্রবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অনুপ্রাণিত করার লক্ষ্য রাখে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি প্রবাসীদের মনোবল বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহ জোগাবে।
আগ্রহীরা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি, পেশাগত পরিচয়, অর্জন/অবদানের বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দ) এবং প্রমাণাদি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে:
বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া, No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur
অথবা ই-মেইলে: mission.kualalumpur@mofa.gov.bd ও fs.bhc.kl@gmail.com।
বিশ্বজুড়ে প্রতি বছর ১৮ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। বাংলাদেশেও একই দিনে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়। দিবসটি প্রবাসীদের অবদান স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অভিবাসন খাতে চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকরা মনে করছেন, হাইকমিশনের উদ্যোগ প্রবাসী ও রাষ্ট্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের মর্যাদা ও স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে।

মালয়েশিয়া প্রতিনিধি 








