আসিয়ান কাপের এবারের আসরটা বাংলাদেশের জন্য হতাশার মধ্য দিয়েই শেষ হলো। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে পরাজয়ের ফলে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দল।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজিত হয় দলটি। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে থমাস ডুলির দল।
শুরুতে বাংলাদেশ কিছুটা গুছিয়ে খেললেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ১১ মিনিটে ওলে রোমেনির পাস থেকে লে বেকার গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
এরপর ৩২ মিনিটে রিজকি রিদোর পাস থেকে আরও একটি গোল পায় ইন্দোনেশিয়া। ৩৬ মিনিটে শাহরিয়ার ইমন বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন। সুকির ক্রস থেকে আসা বলে হেড করে জালে পাঠান তিনি।
তবে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিট পরই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। প্রথমার্ধের শেষ দিকে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। ৪২ মিনিটে চতুর্থ গোল করেন লে বেকার এবং যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। বরং শেষদিকে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা।
৯০ মিনিটে ভিকেরি গোল করে ব্যবধান ৭-১ করেন। পরের মিনিটেই ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে কেভিন ডিকস ও লে বেকার আরও দুটি গোল করলে ৯-২ গোলের বড় জয় নিশ্চিত করে ইন্দোনেশিয়া।
এ জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার সংগ্রহ চার পয়েন্ট এবং সিঙ্গাপুর পেয়েছে তিন পয়েন্ট। তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপের তলানিতে থেকে আসিয়ান কাপের অভিযান শেষ করেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক 








