মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের কারণে অনেক সময় আইনগত বা অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।
এ কারণে কোনো কিছু পোস্ট বা শেয়ার করার আগে বিষয়টি ভালোভাবে বিবেচনা করা এবং তথ্যের সত্যতা যাচাই করে তা প্রচারের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে বলে মনে হতে পারে—এমন কোনো কনটেন্ট থেকেও বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
হাইকমিশন জানায়, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বাগতিক দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন করা আবশ্যক। দেশটির আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনগত ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাংলাদেশ হাইকমিশন, মালে মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে।

মালদ্বীপ প্রতিনিধি: 

















