সৌদি আরবের পবিত্র মক্কা নগরে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশ থেকে অংশ নেওয়া শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরা হয়েছেন তিনি। রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া এবারের আয়োজনে ১৫ পারা কোরআন হিফজ বিভাগে অংশ নেন।
চতুর্থ শাখার এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের টানা ১৫ পারা কোরআন মুখস্থ তিলাওয়াতের পাশাপাশি শুদ্ধ উচ্চারণ, তাজবিদ ও তিলাওয়াতের দক্ষতা যাচাই করা হয়। প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের এই হাফেজ।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়া ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সৌদি আরব ও বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিচারকমণ্ডলী প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা মূল্যায়ন করেন।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। পুরো আয়োজনের জন্য নির্ধারিত মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

প্রবাস ডেস্ক 


















