কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইফতেখার রিপন শরীফ (৩৪)। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার বাসিন্দা এবং মৃত আবদুল গফুর শরীফের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাতারের আল খোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ল্যান্ড ক্রুজার গাড়ি রিপনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন জানান, সকালে বাসা থেকে নাশতা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন রিপন। এ সময় হঠাৎ একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং সঙ্গে সঙ্গে প্রাণ হারান। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের প্রতিবেশী মো. আরমান বলেন, গত বছরের রমজান মাসে রিপন ফ্রি ভিসায় কাতারে যান। সেখানে তিনি একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কাতার প্রতিনিধি 
















