যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভুত এক ট্যাক্সিচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন কিশোর। তাদের সবার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের তথ্যমতে, দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ মোট চারজন নিহত হন। নিহত তিন কিশোরের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অপর নিহত ব্যক্তি ট্যাক্সিচালক, যার বয়স আনুমানিক ৫০ বছর। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল ও মোহাম্মদ জিব্রাইল মুখতার। তারা সবাই বোল্টনের বাসিন্দা ছিলেন। নিহত ট্যাক্সিচালকের নাম মাসরব আলী, তিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

প্রবাস ডেস্ক 
















